–অপসোনিনের চাকুরিচ্যুত শ্রমিকদের সাথে সংহতি
একটা চিঠি পেলাম
“আপনাকে প্রয়োজন নেই”
হঠাৎ মাথায় তীব্র ঝাঁকুনি
কাঁপছে, ঘামছে সমস্ত শরীর
সন্তানের স্কুল-ফি? মায়ের ঔষধ? ঘর ভাড়া?
মুদি দোকানের পাওনা? কি হবে, কি হবে?
আলোহীন গভীর অন্ধকারে বেহুঁশ আমি
আমার ঘামে জমানো প্রাচুর্য অপসোনিনের
এসি রুমে বসে কোন এক হাইভোল্টেজ অফিসার
কম্পিউটার শ্রমিক দিয়ে চিঠিটি টাইপ করিয়ে
একটা সাইন করেছিল, সাথে সাথে পাঁচশো সত্তর শ্রমিক চাকুরী হীন।
পাঁচশো সত্তরটি পরিবার
পাঁচশো সত্তরটি জঠরের ক্ষুধা
কালও যারা ছিল অপসোনিনের মেরুদণ্ড
কর্পোরেট সিদ্ধান্তে আজ পথের ভিখারি
মুনাফার খাতায় মূল্যহীন শ্রমিক
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন
হালাল বলে মেনে নেয়
অপসোনিনের অন্যায়-অবিচার
আমি যাবো কৈ ?
বৈষম্য বিরোধী সরকার আমাকে রক্ষা করে না
বড় বড় শ্রমিক সংগঠন আমাকে রক্ষা করে না
শ্রম দপ্তর, শ্রম মন্ত্রণালয় আমাকে রক্ষা করে না
এলাকার কমিশনার, নেতা আমাকে রক্ষা করে না
আমি যাবো কৈ ?
কঠিন পরিশ্রম, কোনো ত্রুটি ছিল না
মুনাফার পাহাড় শুধু করেছিলে গণনা
ধিক্ ধিক্ এই অন্যায়ে! দাবি তুলি ফের—
শ্রমিকের অধিকার! চাই ন্যায্যতার জের







